কুমিল্লায় মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারী ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথার আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রাত থেকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় শুরু হওয়া এই সংঘর্ষ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল।
স্থানীয়রা জানান, কাটাবিল এলাকা দীর্ঘদিন ধরে মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী অপু হত্যাসহ একাধিক মামলার আসামি। কিছুদিন আগে তিনি হত্যা মামলায় জামিনে মুক্ত হন। মুক্তির পর মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তার সঙ্গে প্রতিবেশী আরেক পক্ষের বিরোধ তীব্র আকার ধারণ করে। বুধবার রাতে উত্তেজনা চরমে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষকারীরা ছত্রভঙ্গ হয়। তবে বৃহস্পতিবার দুপুরে আবারও দুই পক্ষ মুখোমুখি হয়ে গুলিবর্ষণ শুরু করে। এ সময় পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যেই গুলিবিদ্ধ হয় স্কুলছাত্র ইথার আহমেদ প্রেম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুত ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কাটাবিল এলাকায় সাধারণ মানুষের জীবনযাপন চরমভাবে ব্যাহত হচ্ছে।

