প্রধান খবর

উচ্চশিক্ষায় এআই ব্যবহারে শিক্ষক প্রশিক্ষণ শুরু ইউল্যাবে

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ (ওএফআর) যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করছে।

সম্প্রতি ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা। প্রশিক্ষণে বিভিন্ন বিভাগের ৩০ জনেরও বেশি শিক্ষক অংশগ্রহণ করেন। এআই যুগে মানবিক মূল্যবোধ, স্বাধীন চিন্তাশক্তি এবং প্রযুক্তির ওপর মানবিক নিয়ন্ত্রণ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি।

প্রশিক্ষণের প্রথম সেশন পরিচালনা করেন সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ স্টাডিজের সিনিয়র লেকচারার ইরাম মেহরিন। সেশনে উচ্চশিক্ষায় এআই-এর সম্ভাবনা, চ্যালেঞ্জ, শ্রেণিকক্ষে এর ব্যবহার এবং নৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের এআই-সংক্রান্ত প্রচলিত ভুল ধারণা সম্পর্কে সচেতন করতে ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমের আয়োজন করা হয়।

এছাড়া ক্লড ও নোটবুকএলএম-এর ব্যবহারিক প্রয়োগ, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষাক্ষেত্রে এআই ব্যবহারের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষকরা উচ্চশিক্ষার ভবিষ্যৎ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহে আরও তিনটি সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনে এআই-নির্ভর শিক্ষা উপকরণ তৈরি, মিডিয়া কনটেন্ট উন্নয়ন, গবেষণা, একাডেমিক লেখালেখি এবং উচ্চশিক্ষার ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *