গাইবান্ধার সাঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জেরে শিবির নেতা সাইফুল্লাহ বারী খুনের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আশরাফ নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্তসহ অন্যরা এখনো পলাতক। একই ঘটনায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর কর্মী সালাউদ্দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জামায়াত-শিবিরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। নিহতের স্বজন ও এলাকার বহু মানুষ এতে যোগ দেন। মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের খবর পেয়ে সাঘাটা ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার তোফাজ্জল হোসেন জানান, আগুনে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ১৫ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে, আর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতা বজায় রেখেছে।

