প্রধান খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, ৩০ দিনের মধ্যে রিভিউর সুযোগ

রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুতর অবহেলার প্রমাণ পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার (১১ জুন) লাইসেন্স বাতিলের আদেশ জারি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে সংশ্লিষ্ট আইন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ পাবে বলে জানিয়েছে অধিদপ্তর।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে তাদের অন্যান্য অনুমোদিত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক থেকে দুই দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনার পর দেশব্যাপী ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে অবহেলার চিত্র উঠে আসার পর হাসপাতালটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

এদিকে, নবজাতকদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাবৃত্তি এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *