প্রধান খবর

সাভারে পার্কিং বাসে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

সাভারের হেমায়েতপুর এলাকায় পার্কিং অবস্থায় থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকার কফিল পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আরিচাগামী লেনে পার্কিং করা হানিফ পরিবহন-এর একটি বাসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পথচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টার পর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আবু হানিফ জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। অন্যদিকে, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতার ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বাসের যান্ত্রিক ত্রুটিজনিত কারণেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *