দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ভারতের সম্প্রচার স্বত্ব অর্জন করেছে ভারতীয় মিডিয়া প্রতিষ্ঠান জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। এর ফলে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, টেলিভিশনে খেলা সম্প্রচারের জন্য তাদের নতুন চারটি স্পোর্টস চ্যানেল ব্যবহার করা হবে। পাশাপাশি অনলাইন ও মোবাইল ব্যবহারকারীরা জি ফাইভ প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবারের আসরটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন, যেখানে ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
যদিও চুক্তির আনুষ্ঠানিক আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী সম্প্রচার স্বত্বের মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২০ কোটি রুপির সমান। শুরুতে ফিফা ভারতের বাজারের জন্য প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করলেও পরবর্তীতে তা উল্লেখযোগ্যভাবে কমানো হয়।
এর আগে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ছিল সনির হাতে। অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপ সম্প্রচার করেছিল জিওস্টার। তবে এবার প্রতিযোগিতায় অন্যদের পেছনে ফেলে সম্প্রচার স্বত্ব নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে জি নেটওয়ার্ক।

