প্রধান খবর

ভারতে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

চলমান গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার, আর স্কোয়াড থেকে বাদ পড়েছেন বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব। এই বড় পরিবর্তনের মধ্যেই প্রথমবার জাতীয় দলে জায়গা করে নিলেন মাত্র ১৫ বছর বয়সী প্রতিভাবান ব্যাটার বৈভব সূর্যবংশী

আসন্ন জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্ব দেবেন আইয়ার। ৩১ বছর বয়সী এই ব্যাটার প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন অধিনায়ক হিসেবে। সর্বশেষ তিনি ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর নির্বাচকদের নজরে পড়েন তিনি। ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে-বিশেষ করে ২০২৮ অলিম্পিক ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে। জাতীয় দলে ডাক পেয়ে নতুন রেকর্ডও গড়েছেন বৈভব; ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

তবে জাতীয় দলে অভিষেকের আগে বৈভবকে খেলতে হবে ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। সেখানে তার পারফরম্যান্সই নির্ধারণ করবে মূল দলে তার জায়গা কতটা স্থায়ী হতে পারে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *