প্রধান খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন মাদারকোল গ্রামের বাসিন্দা খালিদুর রহমান (২৯) এবং তার ১০ বছরের মেয়ে খাদিজা আক্তার।

পরিবার ও পুলিশ জানায়, খালিদুর রহমান স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পাশের মেরুয়াঘোনা গ্রামে আত্মীয়ের দাওয়াতে যাওয়ার পথে শাহদারিপাড়া এলাকায় অটোরিকশা থেকে নামার মুহূর্তে বজ্রপাত তাদের আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় খালিদুর রহমানের পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি পুড়ে যায় এবং তার শার্টও দগ্ধ হয়। একই সময়ে সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা যায়। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে, স্বজন ও প্রতিবেশীরা হাসপাতালে ও ঘটনাস্থলে ছুটে আসেন।

দেলদুয়ার থানার ওসি মোহাম্মদ সাখাওয়াত জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *