প্রধান খবর

দেশ ছাড়লেন ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ত্যাগ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি বিদেশে পাড়ি জমান বলে বিমানবন্দর ও সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ‘ইকে-৫৮৩’-এ করে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। দেশ ছাড়ার সময় তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন বলে জানা গেছে। তবে তিনি নেদারল্যান্ডস না জার্মানিতে গেছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

দেশত্যাগের বিষয়ে যোগাযোগ করা হলে ফয়েজ আহমদ তৈয়্যব হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে জানান, ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন। তার ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে, মন্ত্রণালয়ের দুই বিভাগ থেকেই তাকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে পরিবারের কাছে ফিরে গেছেন।

এদিকে, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, স্বল্প সময়ে মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা ও প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন। নিজেকে সৎ উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। তার অভিযোগ, টেলিকম খাতের প্রভাবশালী মহলের বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ভবিষ্যতে তিনি নতুন কর্মসংস্থানের সন্ধান করবেন বলেও উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *