সুদূর প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সেতুবন্ধন দৃঢ় করতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হতে যাচ্ছে ‘শঙ্খনাদ বর্ষবরণ ১৪৩৩’। আগামী ১৮ এপ্রিল, শনিবার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘শঙ্খনাদ পরিবার’।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রবাসের ব্যস্ত জীবনে নতুন প্রজন্ম ও প্রবাসী বাঙালিদের মাঝে বাঙালিয়ানা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি মূলত একটি ‘ওয়ান ডিশ পার্টি’ হিসেবে সাজানো হয়েছে। এতে অংশগ্রহণকারী প্রত্যেককে অন্তত ১০ জনের উপযোগী একটি পছন্দের ঐতিহ্যবাহী বাঙালি খাবার সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে অতিথিদের সবাইকে বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত হয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করার আহ্বান জানানো হয়েছে।
উৎসবের নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১২টায় হল উন্মুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর সাড়ে ১২টায় স্বাগত পর্ব এবং দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে ‘পহেলা বৈশাখ র্যালি’। দুপুর ২টায় মধ্যাহ্নভোজের পর বিকেলে বিভিন্ন গ্রুপ কার্যক্রম এবং সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শঙ্খনাদ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাঙালি সংস্কৃতির এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগেভাগেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট লিংকের (https://forms.gle/x9R5Z3xidDpwDvdp8) মাধ্যমে আগ্রহীরা নাম তালিকাভুক্ত করতে পারবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, সিডনিতে বসবাসরত বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ষবরণ অনুষ্ঠানটি একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে। এটি কেবল বর্ষবরণ নয়, বরং প্রবাসে বাঙালির আত্মপরিচয় ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

