প্রধান খবর

জুলাইয়ে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা কর্মসূচি

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। এ সময় হুমাম কাদের চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ বিষয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।

অন্যদিকে, সংসদে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি জানান, সুনীল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *