প্রধান খবর

যানজট এড়াতে  ঢাকামুখী যাত্রীদের নদীপথে ঢল

ঈদ-পরবর্তী সময়ে যমুনা সেতু এলাকা ও পশ্চিম সংযোগ মহাসড়কে দীর্ঘ যানজট ও ধীরগতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই ঝুঁকি নিয়েই বিকল্প পথ হিসেবে নদীপথ বেছে নিচ্ছেন।

শনিবার সকাল থেকে চৌহালী উপজেলার এনায়েতপুর নৌঘাটসহ যমুনা নদীর বিভিন্ন ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বাড়তে থাকে। শিশু, নারী ও বৃদ্ধসহ অনেকে ব্যাগপত্র নিয়ে গাদাগাদি করে নৌকায় নদী পার হচ্ছেন। নৌঘাটগুলোতে সকাল থেকেই যাত্রীচাপ ক্রমশ বাড়তে থাকে, প্রতিটি নৌকায় গড়ে শতাধিক যাত্রী পারাপার হচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য, ঈদ শেষে কর্মস্থলে ফেরার চাপের কারণে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চলায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তাই সময় বাঁচাতে এবং যানজট এড়াতে অনেকেই নদীপথকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন।

যাত্রীদের মতে, সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার চেয়ে নদীপথে ঝুঁকি নিয়েও দ্রুত পৌঁছানোই এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। নৌঘাটগুলোতে তাই সকাল থেকেই ভিড় বাড়ছে, আর নৌকাগুলোও বাড়তি চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *