প্রবাসী কার্ড চালু হলে আর আলাদা করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ড থাকবে না এ কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, একাধিক কার্ডের ঝামেলা দূর করে একটি কার্ডের মাধ্যমেই সব সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
মন্ত্রী জানান, “প্রবাসী কার্ড হলে এখানে আর বিএমইটি কার্ড থাকবে না। এত কার্ড দিয়ে কী হবে? একটি কার্ডের মাধ্যমেই যেন সব ফ্যাসিলিটি উপভোগ করা যায় সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি।” তার মতে, প্রবাসীদের সেবা সহজ ও আধুনিক করতে এই পরিবর্তন অত্যন্ত জরুরি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু রেমিট্যান্স পাঠানো কর্মী নয়, ইউরোপ, ল্যাটিন আমেরিকা বা বিশ্বের যেকোনো দেশে থাকা বাংলাদেশিরাও এই প্রবাসী কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ, বৈদেশিক কর্মসংস্থানে যুক্ত না থাকলেও বিদেশে অবস্থানরত সব বাংলাদেশির জন্যই কার্ডটি উন্মুক্ত থাকবে।

