রাত পোহালেই কোরবানির ঈদ। বিশেষ এই দিনে পশু কোরবানির পাশাপাশি মসলার ব্যবহারও বাড়ে, আর সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে বাজারদর। ইতোমধ্যে কয়েক দফায় দাম বেড়েছে, বিশেষ করে মাংস রান্নার প্রয়োজনীয় মসলা এলাচ, জিরা ও গোলমরিচের দাম সবচেয়ে বেশি চড়া। কালো গোলমরিচের কেজি এখন আগের তুলনায় ২০০-৩০০ টাকা বেশি, আর জিরার দাম ৫০০-৫৫০ টাকা থেকে বেড়ে ৭০০-৭৫০ টাকায় পৌঁছেছে।
বুধবার মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের মসলার দামই ঊর্ধ্বমুখী। দারুচিনি (চীন) বিক্রি হচ্ছে ৪৮০-৫২০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) ৫০০-৫৫০ টাকা, লবঙ্গ ১৫০০-১৬০০ টাকা, এলাচ ৪৫০০-৫২০০ টাকা, কিসমিস ৭৫০-৮০০ টাকা, আলুবোখারা ১৩০০-১৪০০ টাকা, জয়ফল প্রতি পিস ১০ টাকা, সাদা গোলমরিচ ১৪০০-১৬০০ টাকা, কালো গোলমরিচ ১১০০-১৩০০ টাকা, আর ধনিয়ার গুঁড়া ২৫০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে রান্নার অপরিহার্য উপকরণ পেঁয়াজ-রসুন-আদার বাজারেও স্থিতিশীলতা নেই। দেশি পেঁয়াজ কেজি ৪০ টাকা, ভারতীয় বড় পেঁয়াজ ৩৫-৪০ টাকা, চীনা রসুন ১৪০ টাকা, দেশি রসুন ৯০-১২০ টাকা, আর আদা ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

