বাংলাদেশ বৈদেশিক শ্রমবাজার হারানোর বড় ঝুঁকিতে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। তিনি বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি তৈরি না হলে দেশের প্রবাসী আয়ের অন্যতম প্রধান খাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নিলুফার মনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৫ সালে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবাসী আয়ের অবদান প্রায় ৭ শতাংশ ছিল।
তিনি জানান, প্রতিবছর প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গেলেও তাদের একটি বড় অংশ অদক্ষ বা স্বল্পদক্ষ শ্রমিক। অন্যদিকে, চতুর্থ শিল্পবিপ্লব ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের কারণে বিশ্বব্যাপী অদক্ষ শ্রমিকের চাহিদা ক্রমশ কমছে। ফলে দক্ষতা উন্নয়নে গুরুত্ব না দিলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে।
সংসদ সদস্য আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থানের পথ সুগম করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ প্রয়োজন। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে কারিগরি শিক্ষা, আধুনিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচির বিকল্প নেই।

