পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ দ্রুত বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশে অবস্থিত মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায়। গত ৪৮ ঘণ্টায় এই দুই সেতু দিয়ে প্রায় ১ লাখ ১৪ হাজার যানবাহন পারাপার হয়েছে, আর টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় ১২টি বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবলও নিয়োজিত রয়েছে।
সওজের তথ্য অনুযায়ী, ২৫ মে এই দুই সেতু দিয়ে প্রায় ৫৮ হাজার যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ টাকা। পরদিন ২৬ মে ছোট যানবাহনের সংখ্যা বেশি থাকায় ৫৬ হাজার যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৯ লাখ টাকা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে বিকেল ও রাতে ঘরমুখো মানুষের চাপ বেশি দেখা যাচ্ছে। তবে মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় অতিরিক্ত বুথ চালু থাকায় যানজট অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।
মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে হাইওয়ে পুলিশ, সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানা গেছে।

