প্রধান খবর

লিবিয়ায় অপহরণের আড়াই মাস পর বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর

লিবিয়ায় অপহৃত হওয়ার প্রায় আড়াই মাস পর নওগাঁর মান্দা উপজেলার প্রবাসী শ্রমিক আলমগীর হোসেনের মৃত্যুর খবর দেশে পৌঁছেছে। পরিবারের দাবি, মুক্তিপণের অর্থ পরিশোধ না করায় একটি সশস্ত্র গোষ্ঠী তাকে নির্যাতন করে হত্যা করেছে।

মঙ্গলবার (৯ জুন) আলমগীরের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত আলমগীর হোসেন (৩৫) মান্দা উপজেলার নুরুল্লাবাদ গ্রামের মৃত দিদার বক্স খাঁনের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে লিবিয়ায় কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর লিবিয়ার রাজধানী ত্রিপোলির তাজুরা এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন। গত ২৮ মার্চ কর্মস্থলে থাকা অবস্থায় পুলিশের পোশাকধারী একটি সশস্ত্র গোষ্ঠী তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহতের ভাই ও লিবিয়া প্রবাসী জিল্লুর রহমান জানান, অপহরণের পর আলমগীরকে উদ্ধারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর অগ্রগতি হয়নি। একই আস্তানায় আরও ৩১ জন বাংলাদেশিকে জিম্মি করে রাখা হয়েছিল বলে জানা গেছে। সম্প্রতি মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া কয়েকজন বাংলাদেশি জানান, আলমগীরের কাছেও ২৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে তারা দাবি করেছেন।

নিহতের স্ত্রী শাহিনা আক্তার বলেন, আলমগীর ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অপহরণের আগে শেষবারের মতো তার সঙ্গে কথা হয়েছিল। স্বামীর মরদেহ দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *