২০২৭ থেকে ডিসেম্বরে হতে পারে এসএসসি পরীক্ষা

শিক্ষার্থীদের সময় অপচয় কমাতে এসএসসি পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে শিক্ষাবর্ষ শেষ হওয়ার পরও পাবলিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কয়েক মাস অপেক্ষা করতে হয়, ফলে তাদের জীবনের একটি মূল্যবান সময় নষ্ট হয়। এ সমস্যা সমাধানেই নতুন এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে যদি ডিসেম্বরে কোর্স শেষ হয়, তাহলে একই সময়েই পরীক্ষা নেওয়া যৌক্তিক। এতে শিক্ষার্থীদের অযথা দীর্ঘ বিরতি নিতে হবে না এবং শিক্ষাজীবনে সময় অপচয় কমবে।

তবে তিনি স্পষ্ট করেন, চলমান নিয়ম অনুযায়ী আগামী পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি কার্যকর করতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *