বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়েছে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। কূটনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ও গুরুত্ব পায়।
উল্লেখ্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত বৃহস্পতিবার রাতে তিন দিনের সফরে ঢাকায় আসেন। সফরকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং রোহিঙ্গা পরিস্থিতি পরিদর্শনের জন্য কক্সবাজার সফর করেন। নির্ধারিত কর্মসূচি শেষে আজ বিকেলে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

