প্রধান খবর

সোনার দামে বড় পতন, ভরিতে কমলো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম হ্রাস পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতেই সোনার দামে উল্লেখযোগ্য হারে হ্রাস আনা হয়েছে।

এর আগে গত ২ জুনও সোনার দাম কমানো হয়েছিল। ফলে দুই দফায় ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে মোট ৮ হাজার ৭৪৮ টাকা মূল্যহ্রাস পেয়েছে, যা সাম্প্রতিক সময়ে বাজারে অন্যতম বড় সমন্বয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *