ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শাপুর জাদরান। ৩৮ বছর বয়সী এই সাবেক আফগান পেসার বর্তমানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামে একটি বিরল ও প্রাণঘাতী রোগে আক্রান্ত। পাশাপাশি তার শরীরে যক্ষ্মা ও ডেঙ্গুর সংক্রমণ রয়েছে, যা তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিয়েছে। এর আগে মেরুদণ্ডের অস্ত্রোপচারের জটিলতাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।
চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। সাম্প্রতিক বোন ম্যারো পরীক্ষায় তার শরীরে এইচএলএইচ শনাক্ত হয়, যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ক্ষতি করছে বলে জানা গেছে।
তার শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে তার জন্য দোয়া জানিয়ে লিখেছেন, “তুমি মাঠে যেমন লড়াকু ছিলে, এই লড়াইয়েও জিতবে।” এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবীসহ অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড তার চিকিৎসার ব্যয় বহন করছে। এছাড়া রশিদ খান তার ভিসা প্রক্রিয়ায় সহায়তা করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাপুর জাদরান। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০ ম্যাচে ৮০ উইকেট নেওয়া এই পেসার গত বছর অবসর গ্রহণ করেন।

