পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরতে প্রস্তুত লাখো শিক্ষার্থী।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হয় ২৪ মে। নির্ধারিত ছুটি শেষে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় প্রতিষ্ঠানগুলো কার্যত ৭ জুন রোববার থেকে পুনরায় খুলছে। ফলে শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।
প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২১ মে ছিল শেষ কার্যদিবস। পরদিন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা ২২ মে থেকেই ছুটির আমেজে প্রবেশ করে। দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত পাঠদানে ফিরতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রস্তুতি সম্পন্ন করেছে।

