প্রধান খবর

মুরগির দাম কমলেও মাছের বাজারে ঊর্ধ্বগতি

দীর্ঘদিন ধরে পোল্ট্রি, সোনালি ও দেশি মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমতে শুরু করেছে। কেজিপ্রতি ৫০ টাকা পর্যন্ত কমেছে এসব মুরগির দাম। তবে গরু ও খাসির মাংস আগের দামের সঙ্গেই বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারে দেখা গেছে উল্টো প্রবণতা প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা ও ডিএনসিসি কৃষি মার্কেট ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে।

এক সপ্তাহ আগেও সোনালি মুরগির দাম ছিল ৪০০ থেকে ৪১০ টাকা। আজ সেই মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। পোল্ট্রি মুরগির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে দাঁড়িয়েছে ১৭০ থেকে ১৮০ টাকায়। দেশি মুরগির দাম আরও বেশি কমেছে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত এখন বিক্রি হচ্ছে ৭২০ টাকায়। তবে লেয়ার মুরগির দাম উল্টো বেড়েছে; কেজিতে ২০ টাকা বাড়িয়ে আজ বিক্রি হচ্ছে ১৭০ টাকায়।

মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গরুর মাংস এখনো কেজিপ্রতি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, আর খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকার মধ্যেই রয়েছে। অন্যদিকে মাছের বাজারে বেশ চাপ অনুভূত হচ্ছে। রুই, কাতলা, পাঙ্গাসসহ বিভিন্ন মাছের দাম ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

বাজারে এমন ওঠানামা নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মুরগির দাম কমায় স্বস্তি প্রকাশ করলেও মাছ ও মাংসের দাম স্থিতিশীল না হওয়ায় অনেকেই উদ্বেগ জানাচ্ছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *