জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে এই প্রধান জামাত শুরু হয়। এর আগে সকাল ৭টার কিছু পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদগাহ ময়দানে পৌঁছান।
প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়। নামাজে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।

