যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় স্থানীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানি। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ।
নিজের ইনস্টাগ্রামে ঈদের জামাত ও শুভেচ্ছা বিনিময়ের ছবি শেয়ার করে মামদানি লিখেছেন,“আজ আমরা যারা হযরত ইব্রাহিম (আ.) কে সম্মান করি, ঈদুল আজহা আমাদের স্মরণ করিয়ে দেয় কোরবানি কোনো বোঝা নয়; বরং এটি আমাদের বৃহত্তর মানবিকতার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ দেয়। যাদের সাহায্য প্রয়োজন, তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন,“নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হতে পেরে আমি সম্মানিত। আমি চাই এই শহরকে সংহতির ভিত্তিতে নেতৃত্ব দিতে। নিউইয়র্কের বাসিন্দারা যেন প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান, শিশু পরিচর্যা এসব মৌলিক সেবা পান, সেজন্য আমরা সবাই কাজ করছি।”

