পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়াকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির রঙিন সংবর্ধনা

পর্তুগালের আকাশে একটু অন্যরকম উচ্ছ্বাস; দূর প্রবাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা একসঙ্গে জড়ো হন আপনজনকে বরণ করতে। ব্যবসায়িক সফরে লিসবনে পৌঁছানো মাত্রই ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে ঘিরে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। প্রবাসীদের ভালোবাসা, আন্তরিকতা আর উন্নয়ন ভাবনার আলোচনায় অনুষ্ঠানটি যেন এক মিলনমেলায় পরিণত হয়।

বর্ণাঢ্য এই সংবর্ধনায় প্রধান বক্তা ছিলেন পর্তুগাল কমিউনিটির পরিচিত মুখ, সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান। তিনি প্রবাসীদের দেশপ্রেম, ব্রাহ্মণবাড়িয়ার প্রতি তাদের টান এবং জাতীয় রাজনীতিতে প্রবাসীদের গঠনমূলক ভূমিকার গুরুত্ব উল্লেখ করেন। তাঁর বক্তব্যে ছিল আবেগ, ছিল দায়িত্ববোধের দৃঢ়তা।

সংবর্ধনা গ্রহণ করে কবীর আহমেদ ভূঁইয়া প্রবাসীদের উদ্দেশে আবেগঘন বক্তব্য রাখেন। তিনি বলেন, “পর্তুগালের প্রবাসীদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। মনে হচ্ছে যেন আরেকটা বাংলাদেশ খুঁজে পেয়েছি এখানে। এখানকার উদ্যোক্তাদের কর্মতৎপরতা আমাকে সত্যিই উৎসাহিত করে।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ সরকার প্রবাসীদের ওপর নজর আরও বাড়াবে। কারণ আমাদের নেতা তারেক রহমান প্রবাসীদের নিয়ে একটি বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন।”

তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না; তারা দেশের ভাবমূর্তি, অর্থনীতি ও উন্নয়নের প্রধান শক্তি। ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনাময় খাতগুলোতে প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগের মানসিকতা তাঁর ‘উন্নয়ন ভাবনার’ বড় ভিত্তি ।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অর্জিত সুনাম জেলার উন্নয়নের জন্য এক মূল্যবান সম্পদ। প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এম.কে. নাসির, শফিকুজ্জামান চৌধুরী, বদরুল ইসলাম, শহীদুজ্জামান রেজা, রুবেল চৌধুরী, জুবেল আহমেদ, কাজী জুয়েল, শাহান ওমর, গাফফার আহমেদসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা মিয়া সোহেল, যুবদল নেতা এসএম কাউসার আলম এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পর্তুগালের সভাপতি কাজী আনোয়ার হোসেন কাইফ। সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহ-সভাপতি কাজী মইনুর ইসলাম ও সদস্য সচিব সোহাগ হাসান।

অনুষ্ঠানের শেষে প্রবাসী নেতৃবৃন্দ কবীর আহমেদ ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন। এরপর দীর্ঘ সময় ধরে তিনি প্রবাসীদের সঙ্গে স্থানীয় সমস্যা, বিনিয়োগের সুযোগ, প্রবাসী কল্যাণ ও ব্রাহ্মণবাড়িয়ার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *