সিডনিতে বিডি কমিউনিটি হাবের উদ্যোগে ‘ঈদ আনন্দ আড্ডা’ আগামী ৭ জুন

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশ থেকে সদ্য আগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবের আমেজ ভাগাভাগি করে নিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘বিডি কমিউনিটি হাব সিডনি’। আগামী ৭ জুন (রবিবার) সিডনির মিন্টুতে অবস্থিত ঐতিহ্যবাহী ‘নওয়াব উঠান’-এ এক ‘ঈদ আনন্দ আড্ডা’র আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানটি ওই দিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।

এই বর্ণাঢ্য আয়োজনকে সফল করতে আজ ১৮ মে (সোমবার) সিডনির মিন্টুর নওয়াব রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে বিডি কমিউনিটি হাব সিডনির এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল খান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ মিঠুর দক্ষ সঞ্চালনায় সভায় সিডনির প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী অংশ নেন। সভায় অনুষ্ঠানের চূড়ান্ত রূপরেখা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রস্তুতি সভা শেষে আয়োজকরা জানান, প্রবাসের যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে ঈদের আনন্দঘন মুহূর্তে প্রিয়জন ও স্বদেশীদের সাথে মিলিত হওয়ার চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। বিশেষ করে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে সদ্য আগত শিক্ষার্থী ভাই-বোনরা যাতে প্রবাসের মাটিতে ঈদের দিনগুলোতে একাকীত্ব বা হোমসিকনেসে না ভোগেন, সেই বিষয়টি মাথায় রেখেই মূলত এই মিলনমেলার পরিকল্পনা। সিডনির বাংলাদেশী কমিউনিটির চেনা উষ্ণতা ও ভালোবাসায় নতুন শিক্ষার্থীরা যেন নিজেদের আপন করে নিতে পারেন, সেটিই এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজক কমিটি আরও নিশ্চিত করেছে যে, হাসি, গল্প, আড্ডা, সিডনির নামকরা সব সুস্বাদু দেশীয় খাবার এবং চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পুরো সন্ধ্যাটিকে একটি চিরস্মরণীয় মুহূর্তে রূপ দেওয়া হবে। প্রবাসে হৃদ্যতার এই উৎসবকে আরও প্রাণবন্ত করতে সুরের মূর্ছনা ছড়াবেন স্থানীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান হোসেন ও নীলুফার ইয়াসমীন।

বিডি কমিউনিটি হাব সিডনির পক্ষ থেকে সিডনিপ্রবাসী সকল বাংলাদেশী ও শিক্ষার্থীদের এই আমন্ত্রণে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, “আসুন, আমরা সবাই মিলে প্রবাসের মাটিতে আমাদের আত্মিক বন্ধনকে আরও মজবুত করি, নিজেদের সুখ-দুঃখের গল্পগুলো ভাগাভাগি করি এবং চমৎকার কিছু নতুন স্মৃতির ক্যানভাস তৈরি করি।” অনুষ্ঠানকে ঘিরে সিডনির বাংলাদেশী প্রবাসীদের মাঝে ইতিমধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *