পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। এবার কোরবানির পশুর বাজারে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে এলবিনিউ প্রজাতির গোলাপি রঙের মহিষ। ভিন্নধর্মী রঙ ও আকর্ষণীয় গঠনের কারণে ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই মহিষ।
খামার মালিকরা জানান, ইউরোপীয় উৎস থেকে আসা এলবিনিউ জাতের এই মহিষের চাহিদা গত বছরের তুলনায় অনেক বেড়েছে। অনেক ক্রেতা আগেভাগেই এসব মহিষ বুকিং দিয়ে রাখছেন। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। খামারগুলোতে দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে গোলাপি মহিষ দেখতে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ৬ হাজার ৫৩৭টি খামারে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ১ লাখ ১৩ হাজারের বেশি পশু। এর মধ্যে প্রায় ৩ হাজার মহিষ রয়েছে, যার উল্লেখযোগ্য অংশ গোলাপি এলবিনিউ জাতের। জেলার চাহিদার তুলনায় পশু উদ্বৃত্ত থাকায় সরবরাহ নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
খামার সংশ্লিষ্টরা বলছেন, গোলাপি মহিষের মাংসে তুলনামূলক চর্বি কম এবং স্বাদও ভালো হওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। প্রাণিসম্পদ কর্মকর্তারাও জানিয়েছেন, এই মহিষের বিশেষ কোনো আলাদা বৈশিষ্ট্য না থাকলেও এর আকর্ষণীয় রঙ মানুষের কৌতূহল ও চাহিদা বাড়িয়েছে।

