দীর্ঘ ১৩ বছর পর চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে। শনিবার নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ব্যবসায়ীরা।
নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আট শতাধিক ভোট পড়েছে। এর মধ্যে সাধারণ সদস্যদের পাশাপাশি সহযোগী সদস্যরাও অংশ নেন। ব্যবসায়ী নেতারা বলছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চেম্বারের গণতান্ত্রিক ধারাকে নতুনভাবে শক্তিশালী করবে।
এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও ভোটের আগের দিন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। প্যানেলটির অভিযোগ, আদালতের নির্দেশনা ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করেই নির্বাচন আয়োজন করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাদের প্রার্থীদের নাম ব্যালটে বহাল রয়েছে।
চেম্বার সূত্রে জানা যায়, সাধারণ, সহযোগী ও বিভিন্ন ট্রেড গ্রুপ মিলিয়ে মোট ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই সভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে। দীর্ঘ আইনি জটিলতা ও স্থগিতাদেশের পর অবশেষে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ী সমাজে স্বস্তি ফিরে এসেছে।

