রিয়াল মাদ্রিদের হয়ে এ মৌসুমে ৪১টি গোল করেও সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের মন জয় করতে পারছেন না কিলিয়ান এমবাপে। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারি থেকে তীব্র শিস ও দুয়ো শোনা যায়। সমর্থকদের অভিযোগ ক্লাবের প্রতি এমবাপের দায়বদ্ধতা নেই, আর সেই ক্ষোভই গ্যালারিতে প্রকাশ পেয়েছে।
রিয়ালের মৌসুমটিও খুব ভালো যাচ্ছে না। গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে লিগ শিরোপার আশা শেষ হয়ে যাওয়ার পর সমর্থকদের হতাশা আরও বেড়েছে। এর মধ্যেই এমবাপের সার্ডিনিয়া দ্বীপে ইয়টে ছুটি কাটানোর ছবি ফাঁস হয়, যা রিয়াল ভক্তদের ক্ষোভকে আরও উসকে দেয়। অনলাইনে ‘এমবাপে আউট’ শিরোনামে একটি পিটিশনে ইতোমধ্যে কোটি মানুষ সই করেছেন।
ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে গঞ্জালো গার্সিয়া ও জুড বেলিংহামের গোলে রিয়াল ২-০ ব্যবধানে জিতলেও গ্যালারির অস্থিরতা কমেনি। এমবাপেকে দুয়ো দেওয়ার পাশাপাশি অনেক সমর্থক সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগ দাবি করে ব্যানারও প্রদর্শন করেন, যদিও নিরাপত্তাকর্মীরা দ্রুত সেগুলো সরিয়ে ফেলেন।
ম্যাচ শেষে সমর্থকদের আচরণ নিয়ে প্রশ্ন করা হলে এমবাপে হাসিমুখেই তা উড়িয়ে দেন। তিনি বলেন,
“দুয়ো দেওয়াটা জীবনেরই অংশ। মানুষ রাগান্বিত থাকলে তাদের মতামত বদলানো যায় না। রিয়াল মাদ্রিদ ও আমার মতো জনপ্রিয় খেলোয়াড়দের জীবনে এমনটা হতেই পারে। আমাদের কাজ হলো মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং পরিস্থিতি বদলে ফেলা।”

