যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এর মধ্যেই বড় ধাক্কা খেলো আর্জেন্টিনার গ্রুপ ‘জে’-এর প্রতিপক্ষ জর্ডান। ইনজুরিতে দল হারিয়েছে তাদের তরুণ স্ট্রাইকার ইব্রাহিম সাবরাকে। ২৬ সদস্যের স্কোয়াডে থাকা দুই ইউরোপ-ভিত্তিক ফুটবলারের একজন ছিলেন মাত্র ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্রোয়েশিয়ার প্রথম বিভাগের ক্লাব লোকোমোতিভা জাগরেবে খেলেন তিনি। বাম গোড়ালি গুরুতরভাবে মচকে যাওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে তাকে।
গত রোববার কলম্বিয়ার ‘বি’ দলের বিপক্ষে এক প্রীতি ম্যাচে চোট পান সাবরা। ম্যাচটি ২-০ গোলে হেরে যায় জর্ডান। এরপর সোমবার তার পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করে দল। সাবরা এই মৌসুমে লোকোমোতিভার হয়ে ১৪ ম্যাচে দুটি গোল করেছেন। তুরস্কের গোজতেপে থেকে ধারে খেলছেন তিনি। জাতীয় দলের সম্ভাবনাময় তরুণ হিসেবে বিবেচিত হলেও শুরুর একাদশে তার থাকা নিশ্চিত ছিল না। স্কোয়াডে থাকা অন্য ইউরোপ-ভিত্তিক ফুটবলার হলেন ফ্রান্সের স্তাদ রেনের স্ট্রাইকার মুসা আল তামারি।
ইব্রাহিমের জায়গায় জরুরি ভিত্তিতে দলে ডাকা হয়েছে ২০ বছর বয়সী মোহাম্মদ আবু গাউসকে। স্থানীয় লিগের দল আল হুসেইনের লেফটব্যাক তিনি। অর্থাৎ আক্রমণভাগে একজন স্ট্রাইকার হারিয়ে রক্ষণভাগের খেলোয়াড় যুক্ত করতে হয়েছে জর্ডানকে যা নিঃসন্দেহে বড় ধাক্কা।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে জর্ডান। ‘জে’ গ্রুপে তাদের শেষ ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে, ২৭ জুন ডালাসে। গ্রুপের অন্য প্রতিপক্ষ আলজেরিয়া ও অস্ট্রিয়া। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে এমন ইনজুরি দলটির প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

