প্রধান খবর

ট্রাম্পের বেইজিং সফরের শেষ দিনে নতুন বার্তা

চীনের রাজধানী বেইজিং সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি মন্তব্য ঘিরে যে আলোচনা তৈরি হয়েছিল, তা থামাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাখ্যামূলক পোস্টও দেন। শুক্রবার সকালে নিজের প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেন, শি জিনপিং যুক্তরাষ্ট্রকে ‘পতনশীল দেশ’ বললেও তা তাকে উদ্দেশ করে বলেননি; বরং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার পরিস্থিতির কথাই উল্লেখ করেছেন।

ট্রাম্প বলেন, দুই বছর আগে যুক্তরাষ্ট্র সত্যিই দুর্বল অবস্থায় ছিল, তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তার ভাষায়, বর্তমানে যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আলোচিত দেশগুলোর একটি।

এর আগে সফরের প্রথম পূর্ণ দিবসে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। তিনি জানান, দিনভর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে। সেই অনুষ্ঠানে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। পাশাপাশি দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন তিনি।

প্রায় ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান ট্রাম্প। সফরে তার সঙ্গে ছিলেন প্রযুক্তি ও ব্যবসা খাতের কয়েকজন শীর্ষ নির্বাহী, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব আরও স্পষ্ট করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *