বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (৮ জুন), তবে তথ্য প্রকাশ্যে আসে মঙ্গলবার। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, উদ্ধার হওয়া ক্রুদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
হেলিকপ্টারটি ছিল আপাচি হেলিকপ্টার। এটি গুলি করে ভূপাতিত করা হয়েছে কি না, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তদন্ত চলছে এবং সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।
হোয়াইট হাউস বা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক সামরিক ইউনিট সেন্ট্রাল কমান্ড কেউই এখনো এ বিষয়ে মন্তব্য করেনি। ফলে ঘটনাটিকে ঘিরে নানা প্রশ্ন রয়ে গেছে।
ঘটনাটি এমন সময় ঘটল, যখন রোববার রাত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুই পক্ষই মিসাইল ও পাল্টা মিসাইল হামলা চালিয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালির কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

