নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) হাসনাঈন আহমেদকে চাঁদাবাজি, হয়রানি এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগে ক্লোজড করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়, ক্ষমতার অপব্যবহার এবং হয়রানির একাধিক অভিযোগ ওঠে। পরবর্তীতে অভিযোগগুলো তদন্তের আওতায় আনা হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই হাসনাঈন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে ক্লোজড করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মো. মেহেদী ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তাকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

