অবশেষে অপেক্ষার অবসান। আগামীকাল থেকে পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮টি দল।
প্রায় ৪০ দিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল। এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো গ্রুপ পর্বে অংশ নেবে। শক্তিশালী দলগুলোর পাশাপাশি কয়েকটি নতুন মুখও জায়গা করে নিয়েছে বিশ্বমঞ্চে, যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড ও পর্তুগালের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলোর ম্যাচ ঘিরে ইতোমধ্যে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।
গ্রুপ পর্ব শেষে দ্বিতীয় রাউন্ড, শেষ ষোল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন। ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের ২৩তম আসরের।

