পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বন্দর ও কাস্টমস কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশনসমূহে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, ঈদকে কেন্দ্র করে বন্দরে পণ্যজট এড়ানো এবং আমদানি-রপ্তানি কার্যক্রমের স্বাভাবিক গতি বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ী ও আমদানিকারকরা কিছুটা স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।
এনবিআরের এই সিদ্ধান্ত দেশের বাণিজ্য কার্যক্রম সচল রাখা এবং সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

