পাবনার সাঁথিয়া উপজেলায় অস্থায়ী পশুর হাটের ইজারা কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইছামতী নদীর তীরবর্তী ডাইকের পাশের পরিত্যক্ত স্থানকে অস্থায়ী পশুর হাট হিসেবে ব্যবহারের অনুমতি পাওয়ার পর উপজেলা পরিষদ হলরুমে নিলামের আয়োজন করা হয়। নিলামে অংশ নিতে ২৬ জন দরদাতা অংশগ্রহণ করেন। তবে নিলাম চলাকালে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিলাম স্থগিত করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) পুনরায় নিলাম আয়োজন করা হলেও দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা হলরুম ত্যাগ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টির অভিযোগ করেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, এখনো কোনো পক্ষকে হাট ইজারা দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ঈদুল আজহার আগের দিন রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি থাকবে। এ সময় পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, মাইকিং এবং অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে।

