রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলাসহ তিন মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদন খারিজ করে ‘নো অর্ডার’ দেন।
ফলে এর আগে হাইকোর্ট থেকে পাওয়া জামিন আদেশ বহাল থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
আদালতে সুজনের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, মোতাহার হোসেন সাজু, এসএম আবুল হোসেন ও আজহার উল্লাহ ভূইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা শাজিয়া শারমিন।
এর আগে গত ৫ মে হাইকোর্টের একটি বেঞ্চ যাত্রাবাড়ী থানার দুটি হত্যা মামলা এবং পঞ্চগড় সদর থানার একটি হত্যা ও লাশ গুমের মামলায় নূরুল ইসলাম সুজনকে জামিন দেন।
২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে সাবেক এ মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

