শিশুদের জন্য টিকটক ও ইউটিউব এখনো পর্যাপ্ত নিরাপদ নয় বলে মন্তব্য করেছে যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্ম দুটি এখনো কার্যকর ও কঠোর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
অফকম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট, অনলাইন প্রলোভন ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সংস্থাটি জানায়, মেটা, স্ন্যাপ ও রোবলক্স শিশুদের সুরক্ষায় নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিলেও টিকটক ও ইউটিউব এখনো বড় ধরনের পরিবর্তনের আশ্বাস দেয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অনেক প্ল্যাটফর্ম বয়সসীমা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারছে না। যুক্তরাজ্যে বর্তমানে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের বিষয়েও সরকারি পর্যায়ে আলোচনা চলছে।
এদিকে ইউটিউব দাবি করেছে, তারা শিশুদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে। অন্যদিকে টিকটক জানিয়েছে, তাদের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার যথাযথ মূল্যায়ন না হওয়ায় তারা হতাশ।
অফকমের জরিপ অনুযায়ী, ৮ থেকে ১২ বছর বয়সী ৮৪ শতাংশ শিশু অন্তত একটি বড় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যদিও অধিকাংশ প্ল্যাটফর্মে ন্যূনতম বয়সসীমা ১৩ বছর। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলাই যথেষ্ট নয়; বরং শুরুতেই শিশুদের কাছে এসব কনটেন্ট পৌঁছানো বন্ধ করতে হবে।

