প্রধান খবর

সংসদে প্রথম অধিবেশনের বিশৃঙ্খলার পর রীতিনীতি শেখাতে দুই দিনের বিশেষ প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় রীতিনীতি নিয়ে দেখা দেওয়া নানা বিশৃঙ্খলা ও বিতর্কের পর এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। আইনপ্রণেতাদের সংসদীয় আচরণ, নিয়মকানুন ও কার্যপদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা দিতে আয়োজন করা হয়েছে বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের।

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার, ৩ ও ৪ জুন দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই কোর্সের মূল লক্ষ্য নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা দেওয়া, যাতে ভবিষ্যতে অধিবেশন আরও শৃঙ্খলাপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়।

‘মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে প্রথম অধিবেশনে দেখা দেওয়া অসংগতি কাটিয়ে ওঠার দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে। সদ্য সমাপ্ত অধিবেশনে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন, অহেতুক বিশৃঙ্খলা এবং অসংযত বক্তব্যের কারণে সংসদের স্বাভাবিক কার্যক্রমে বারবার ছন্দপতন ঘটে। অভিযোগ ওঠে, অনেক সংসদ সদস্যই সংবিধানের মৌলিক ধারা এবং কার্যপ্রণালী বিধির প্রতি যথাযথ গুরুত্ব দেননি। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ গভীর অসন্তোষ প্রকাশ করেছিলেন।

সংসদ সচিবালয়ের এই নতুন উদ্যোগকে সংসদীয় শৃঙ্খলা ও পেশাদারিত্ব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *