প্রধান খবর

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক বারদী আশ্রমে আজ বুধবার সকালে পূজাঅর্চনার মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকেই আশ্রমমুখী ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বারদী এলাকা। তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

দেশ-বিদেশ থেকে আগত লাখো ভক্ত আশ্রমে সমবেত হয়ে পূজা-অর্চনা, প্রার্থনা ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আশ্রমের বিভিন্ন স্থাপনা বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে সজ্জিত করা হয়েছে, যা ভক্ত ও দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী ভারতসহ বিশ্বের নানা প্রান্ত থেকে লোকনাথ ভক্তরা বারদীতে এসেছেন। তাদের জন্য আশ্রম কর্তৃপক্ষ তীর্থ নিবাসসহ বিভিন্ন স্থানে আবাসন ও খাবারের বিশেষ ব্যবস্থা করেছে। তিরোধান উৎসব উপলক্ষে বারদী এলাকায় বসেছে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী মেলা, যেখানে লোকজ পণ্য, ধর্মীয় সামগ্রী ও গ্রামীণ সংস্কৃতির নানা অনুষঙ্গ স্থান পেয়েছে। ফলে ধর্মীয় আয়োজনের পাশাপাশি উৎসবটি পরিণত হয়েছে এক মিলনমেলায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *