যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে বলেছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন। বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং একটি জরিপে নাকি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছেন। যদিও কোন জরিপের ভিত্তিতে তিনি এ দাবি করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ নিয়ে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে “খুব ভালো মানুষ” উল্লেখ করে বলেন, “আমি যা চাইব, তিনি তাই করবেন।” একইসঙ্গে নেতানিয়াহুকে যুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে ট্রাম্প দাবি করেন, ইসরায়েলে তাকে যথাযথ মূল্যায়ন করা হয় না।
বিশ্লেষকদের মতে, ইরান ইস্যু ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে।

