প্রধান খবর

বিসিবি নির্বাচন: মিরপুরে রোববার ভোট

অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। রোববার মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর সন্ধ্যায় জানা যাবে ফলাফল। নির্বাচনকে ঘিরে তেমন উত্তাপ দেখা না গেলেও বেশ কয়েকটি পদে আগেই নিশ্চিত হয়ে গেছে নতুন পরিচালকদের নাম।

গত ২৫ মে ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে প্রার্থী রয়েছেন ১২ জন, নির্বাচিত হবেন ১০ জন। চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হওয়ার কথা। তিন বিভাগ থেকেই মনোনয়ন দাখিল করেছেন একজন করে প্রার্থী, ফলে তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

ঢাকা বিভাগে দুই পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা পড়লেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েন একজন। ফলে এখানকার দুই পরিচালকও আগেই নিশ্চিত হয়ে গেছে। জেলা বিভাগ থেকেও বেশ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

সব মিলিয়ে ভোটের আগেই অধিকাংশ পদে পরিচালকদের নাম নিশ্চিত হয়ে যাওয়ায় এবারের বিসিবি নির্বাচনকে তুলনামূলক শান্ত ও প্রতিদ্বন্দ্বিতাহীন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। তবে আনুষ্ঠানিক ভোটগ্রহণ শেষে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের বিষয়টি স্পষ্ট হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *