ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কাল। এ পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তজুড়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় প্রশাসন। এর আগে প্রথম দফার ভোটে প্রায় ৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই কড়াকড়ি ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
চলাচল সীমিতের এই নির্দেশনা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলেও প্রযোজ্য হবে। পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে উত্তর ২৪ পরগণার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে কাল বুধবার, যেখানে পশ্চিমবঙ্গের সাতটি বিভাগের ১৪২টি আসনে ৩ কোটি ২১ লাখ ভোটার তাদের ভোট দেবেন। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ভারতীয় কেন্দ্রীয় বাহিনীর ২ হাজার ৪০০ কোম্পানি।
পিটিআই জানিয়েছে, উত্তর ২৪ পরগণা থেকে বাংলাদেশ সীমান্তমুখী সড়কগুলোতে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে এবং যানবাহন নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

