প্রধান খবর

প্রধানমন্ত্রীর সফর শেষেই তুলে নেওয়া হলো ভাড়ায় আনা সড়কের ইট!

প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে স্থানীয় একটি কাঁচা সড়কে রাতারাতি ইট-বালু ফেলে সংস্কার কাজ সম্পন্ন করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে প্রধানমন্ত্রীর সফর শেষ হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় ওই নবনির্মিত সড়ক থেকে বিছানো ইটগুলো আবার তুলে নেওয়া হয়েছে! এই অদ্ভুত কাণ্ডকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে এখন ব্যাপক আলোচনা, সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

জানা যায়, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গাবতলী উপজেলার বাগবাড়ি-সোনাহাটা সড়ক থেকে জিয়াবাড়ি (প্রধানমন্ত্রীর পৈতৃক ভিটা) পর্যন্ত ৫০০ মিটারের একটি কাঁচা রাস্তায় তড়িঘড়ি করে ইট বিছানোর তোড়জোড় শুরু করে এলজিইডি। শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমানকে এই জরুরি দায়িত্ব দেওয়া হয় এবং সফরের ঠিক আগমুহূর্তে কাজ শেষ হয়।

স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অস্থায়ীভাবে ইট-বালু ফেলে সড়কটি প্রস্তুত করতে প্রায় ১০ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। অথচ প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পরই সড়ক থেকে সব ইট তুলে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে মুখ খোলেন এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান। তিনি জানান, সম্পূর্ণ নিয়মনীতি মেনেই অস্থায়ীভাবে সড়কে ইট বিছানো হয়েছিল। তিনি বলেন—“ওই সড়কটি স্থায়ীভাবে পাকা করতে ৮৪ লাখ টাকা আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে অস্থায়ীভাবে বিছানো ইট ঠিকাদারকে তুলে নিতে বলা হয়েছে। মূলত অস্থায়ীভাবে সোলিং করার জন্য ইটগুলো ‘ভাড়া’ নেওয়া হয়েছিল! নতুন ইট কিনতে গেলে সরকারের ব্যয় অনেক বেড়ে যেতো।”

এলজিইডি সূত্রে জানা গেছে, জিয়াবাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি সম্পূর্ণ কার্পেটিং (পাকা) করার জন্য গত অর্থবছরেই ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহ্বানের পর গত বছরের আগস্ট মাসে ‘মেসার্স হক ট্রেডার্স’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছিল।

চলতি বছরের আগস্ট বা অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত মূল সড়ক পাকাকরণের কাজ শুরুই করেনি। গাবতলী উপজেলা প্রকৌশলী মো. সাজেদুর রহমান জানান, সড়কের সীমানা নিয়ে কিছু জটিলতা থাকার কারণে ঠিকাদারকে সাইট বুঝিয়ে দিতে বিলম্ব হয়েছে। তবে বর্তমানে সড়কের পাশে প্যালাসাইডিংয়ের কাজ চলছে।

এর আগে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসেন। ওই দিন তিনি বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন শেষে তার পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করেন। আর সেই পরিদর্শনের পথ সুগম করতেই মূলত এই ১০ লাখ টাকা ব্যয়ের ‘ভাড়ায় চালিত’ অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *