প্রধান খবর

পরীক্ষার হলে অথৈ পানি, বেঞ্চে পা তুলে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

কুমিল্লায় টানা বৃষ্টিতে নজিরবিহীন ভোগান্তির শিকার হয়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষার হলে জমে থাকা পানির কারণে বাধ্য হয়ে বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিতে হয়েছে তাদের। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কুমিল্লার ঐতিহ্যবাহী ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

সামান্য বৃষ্টিতেই ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কক্ষগুলোতে পানি জমে একাকার হয়ে গেছে। দুপুর ১২টার পর পরিস্থিতির আরও অবনতি হলে পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েন। পানি থেকে উত্তরপত্র ও পা বাঁচাতে অনেক পরীক্ষার্থীকে বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে দেখা যায়।

পরীক্ষার্থীরা জানান, কক্ষের ভেতর পানি জমে থাকায় তারা মনোযোগ দিয়ে লিখতে পারছিলেন না। পা ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ বসে থাকা কষ্টকর হওয়ায় তারা এভাবেই পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।

শুধু শিক্ষার্থীরাই নন, দায়িত্বরত শিক্ষকদের অবস্থাও ছিল শোচনীয়। হলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, দায়িত্বরত এক শিক্ষিকাও চেয়ারের ওপর পা তুলে বসে পর্যবেক্ষণ করছেন। কেন্দ্রের এই সামগ্রিক চিত্র সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

কেন্দ্র সংশ্লিষ্টদের মতে, সামান্য বৃষ্টি হলেই এই শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়াটা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। যথাযথ পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম না থাকায় প্রতি বছরই পরীক্ষার্থীদের এমন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।

অভিভাবকদের দাবি, প্রতিবছর এমনটা ঘটলেও কর্তৃপক্ষ কেন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না? পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের এমন শারীরিক ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষের পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *