জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়কপথের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার কমে আসবে। একই সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার যাত্রাপথও প্রায় ৫০ কিলোমিটার সংক্ষিপ্ত হবে।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
অনুমোদিত প্রকল্পের আওতায় আনোয়ারা থেকে শুরু হয়ে বাঁশখালী, টইটং, পেকুয়া ও বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত প্রায় ৫৮ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক নির্মাণ করা হবে। সড়কটির প্রস্থ হবে ১০ দশমিক ৩ মিটার। প্রকল্পের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই মহাসড়ক চালু হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি পর্যটন, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্প অনুমোদনের পর জরিপ, প্রকল্প পরিচালক নিয়োগ এবং দরপত্র প্রক্রিয়াসহ বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে।

