প্রধান খবর

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি বস্তিতে ভয়াবহ ও নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ক্লিভল্যান্ড এলাকার ওই বস্তিতে একদল সশস্ত্র দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও নয়জন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-র বরাত দিয়ে দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের দেওয়া প্রাথমিক বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার রাতে ক্লিভল্যান্ডের একটি পেট্রোল স্টেশনের কাছে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে ১০ জনেরও বেশি সশস্ত্র হামলাকারী এসে নামে। এরপর তারা বিভিন্ন দিক থেকে বস্তিটিতে প্রবেশ করে স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। সেখানে কিছু সময় ধরে তাণ্ডব চালিয়ে অপরাধীরা একই গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভয়াবহ এই হামলার খবর পেয়ে স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই আটজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ১১ জন প্রাণ হারান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১২ জনে। এছাড়া, গুলিবিদ্ধ ও গুরুতর আহত আরও নয়জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডপ্রবণ দেশগুলোর অন্যতম দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ খুন হন! বিশেষ করে দেশটির দরিদ্র বস্তি এলাকাগুলোতে গ্যাং সহিংসতা, চাঁদাবাজি বা ব্যক্তিগত বিবাদের জেরে গোলাগুলি অত্যন্ত সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।

‘সাউথ আফ্রিকান গান ওনার্স অ্যাসোসিয়েশন’-এর তথ্যমতে, দেশটিতে ৩০ লাখ নিবন্ধিত বা বৈধ অস্ত্রের পাশাপাশি সমপরিমাণ (প্রায় ৩০ লাখ) অবৈধ ও লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র রয়েছে; যা প্রতিনিয়ত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। ক্লিভল্যান্ডের এই নৃশংস হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি ,অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যেই চিরুনি অভিযান ও নিবিড় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *