ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি-র শপথ গ্রহণের মধ্য দিয়ে। স্থানীয় সময় রোববার সকাল ১০টায় চেন্নাই-এর জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে সরকার গঠনের অনিশ্চয়তার অবসান ঘটছে।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। ২৩৪ সদস্যের পরিষদে দলটি ১০৮টি আসনে জয় লাভ করে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিজয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা চালান এবং গভর্নরের সঙ্গে একাধিক বৈঠক করেন।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, কংগ্রেস, ভিসিকে, সিপিআই, সিপিআই(এম) এবং আইইউএমএল-এর সমর্থন পাওয়ার ফলে বিজয়ের নেতৃত্বাধীন জোটের সদস্যসংখ্যা ১২০-এ পৌঁছেছে। এর ফলে সরকার গঠনের পথ সুগম হয়। বিশ্লেষকদের মতে, প্রায় ছয় দশক পর ডিএমকে ও এআইএডিএমকে-র বাইরে অন্য কোনো দলের সরকার গঠন তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে রাহুল গান্ধী অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইয়ে পৌঁছেছেন। এছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বহু আলোচিত ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।

