ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানা দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এবং শনিবার সকাল আটটার দিকে চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইট–পাটকেলের আঘাতে আহত বলে জানা গেছে। আহতদের কেউ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কেউ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা যায়, ঈদের আগে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ তুলে আকরাম নামের এক যুবক ফেসবুকে লাইভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে আকরাম ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম সোহাগের সমর্থকদের মধ্যে কথ-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এতে অন্তত ১২ জন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাত পেরিয়ে শনিবার সকালেও একই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষ আবারও বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় ইউপি সদস্য আনারউদ্দিন মোল্লা জানান, সকালে পুলিশ না থাকায় দুই গ্রুপ আবারও ছড়িয়ে পড়ে এবং অনেকেই মাথায় হেলমেট পরে ঢাল–সরকি নিয়ে সংঘর্ষে অংশ নেয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. আক্তার হোসেন জানান, দুই দিনের সংঘর্ষে মোট ১৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার কেউ ভর্তি রয়েছেন।

